শীতার্তদের পাশে প্রথম আলো
রংপুর ও রাজশাহীতে ৪০০ কম্বল বিতরণ
রাজশাহীতে গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো
রংপুরে গত শনিবার এবং রাজশাহীতে গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
রংপুরের মুন্সীপাড়া বস্তিসহ দুস্থ-অসহায় লোকজনের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে মর্জিনা বেগম (৪৫) বলেন, ‘কোলের ছাওয়াটাক নিয়া কষ্টত থাকতে থাকতে একখান কম্বল মিলি গেল। আল্লাহ তোমাকগুলাক ভালো করুক।’
মকবুল হোসেন (৫০) বলেন, ‘এই শীতত একনাও গরম কাপড় আছল না। এই কম্বল পায়া ঠান্ডাত একনা আরাম হইবে বাহে।’
দুস্থ লোকজনের মধ্যে এসব কম্বল তুলে দেন প্রয়াত মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্ত্রী কাজী সাথী। এ সময় বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। ঢাকার একটি প্রতিষ্ঠান কম্বলগুলো পাঠিয়েছে।
এদিকে রাজশাহী শহরের সাধারণ গ্রন্থাগার মাঠে ২০০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা নূর হামীম রিজভী বীর প্রতীক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সভাপতি জোহা এম এম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
নগরের রানীবাজার এলাকা থেকে ক্রাচে ভর দিয়ে এসেছিলেন সোনাভান বেওয়া। কম্বলখানা হাতে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ‘দেখার কেহু নাই বাবা। বোনের মেয়ের কাছে থাকি। সকাল বেলা গায়ে দেওয়ার কিছু নাই। তোমরা বেঁচে থাকো।’
ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন (ওফা) কম্বলগুলো বিতরণের জন্য প্রথম আলোয় পাঠায়।







imtiaz ahmed chowdhury
২০১২.০১.০৯ ১৪:২৪ROMMAN AKOND
২০১২.০১.০৯ ১৭:৩৬