এসিডদগ্ধদের জন্য সহায়ক তহবিল

গাভি পেয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা

দিনাজপুর অফিস ও পার্বতীপুর প্রতিনিধি | তারিখ: ২৩-১২-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘আমি সুন্দর ছিলাম। একসময় সবার কাছে আদর পাইতাম, ভালোবাসা পাইতাম। কিন্তুক সমাজে ফেন্সী আরার আর দাম নাই। এসিড সুন্দর মুখটা নষ্ট করি ফেলাইছে। গাভি পাইলাম। একে পুষে-পেলে দুধ বিক্রি করে বাচ্চা পালন করে একদিন সত্যই স্বাবলম্বী হব।’
গাভি পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন দিনাজপুরের এসিডদগ্ধ ফেন্সী আরা। গতকাল বৃহস্পতিবার এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর মাঝাডাড়া গ্রামে এসিডদগ্ধ তিনজন নারীকে পুনর্বাসন করা হয়। এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ফেন্সী আরা ছাড়াও একই উপজেলার তাজনগর গ্রামের হাফিজা বেওয়া এবং ফুলবাড়ী উপজেলার আলাদীপুর জামডাঙ্গা গ্রামের উলফাতুন খাতুনসহ প্রত্যেককেই একটি করে গাভি দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্র্যাংক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তাহনিয়াত আহমেদ করিম এসিডদগ্ধ নারীদের পাশে ব্র্যাক ব্যাংক থাকবে বলে জানান।।
পার্বতীপুর থানার উপপরিদর্শক মো. আবদুস সালাম এসিডদগ্ধ নারীদের পুনর্বাসনের জন্য প্রথম আলো ও ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেন। প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল বলেন, এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে ২৮০ নারীকে পুনর্বাসন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাংকের কর্মকর্তা নোমান রেজা, মো. আতাউর রহমান মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, ফারুক হোসেন প্রমুখ। সভা পবিচালনা করেন দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার।
দক্ষিণ সালন্দর স্কুলপাড়ার হাফিজ উদ্দিনের স্ত্রী ফেন্সী আরা (৪০) ২০০৪ সালে প্রতারণার প্রতিবাদ করায় কাপড় বিক্রেতা মোশাররফ হোসেনের হাতে এসিডসন্ত্রাসের শিকার হন। দিনাজপুর আদালতে মোশাররফের যাবজ্জীবন সাজা হয়। দুই বছর পর উচ্চতর আদালত থেকে মোশাররফ জামিন পেয়েছেন।
একই উপজেলার ভবের বাজার তাজনগর মাঝাপাড়া গ্রামের গৃহবধূ হাফিজা বেওয়া (৫৫) জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালে এসিডসন্ত্রাসের শিকার হন। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এসিডে ঝলসে যায় উলফাতুনের মুখ-মাথাসহ শরীরের বিভিন্ন অংশ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন