শিরোনাম:

চট্টগ্রামে মানববন্ধন

নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২২-০৮-২০১১

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অপ্রশিক্ষিত ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুপারিশ করায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেছে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগসহ বেশ কয়েকটি সংগঠন। অবৈধ ড্রাইভিং লাইসেন্স বাতিল, দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধসহ নানা দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে এসব সংগঠনের নেতারা তাঁর পদত্যাগ চান।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এমনিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়কে অপ্রশিক্ষিত বহু চালক গাড়ি চালাচ্ছেন। নৌমন্ত্রীর সুপারিশের কারণে তাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রীসহ বিভিন্নজনের নানামুখী তদবিরে পরীক্ষা ছাড়া আবারও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে যাবে। বক্তারা সড়ক দুর্ঘটনা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জনউদ্যোগের উপদেষ্টা অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, অধ্যাপক মো. ইদ্রিস আলী, সংগঠক রাশেদ হাসান, দিদারুল মুনির, জনউদ্যোগের সমন্বয়ক শরীফ চৌহান ও ইমাম হোসেন। মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয় ‘পরিবেশ ছাত্র ফোরাম’, ‘পিপলস ভয়েস’, ‘বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশন’, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), খেলাঘর, ইলমা, সামাজিক সংগঠন ‘বর্ণালী’, নির্মল ফাউন্ডেশন, দৃষ্টি, সংশপ্তক, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট, ছিন্নমূল সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নারায়ণ চৌধুরী, সালাউদ্দিন সুমন, আবদুল্লাহ আল মনসুর, সালাউদ্দিন চৌধুরী তানসেন, সুমন দে প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shafiq  Bhuiyan

Shafiq Bhuiyan

২০১১.০৮.২২ ০১:৪৬
নৌমন্ত্রী নৌ বিষয় ছেড়ে কেন সড়কের চালক নিয়ে পড়লেন বোঝা কঠিন নয়।