যুক্তরাজ্যে বাংলাদেশের নাট্যকার ও নির্দেশকের নাটক
মহড়ার ফাঁকে ‘টেল অব টু ফ্রেন্ডস’ নাটকের শিল্পীরা
যুক্তরাজ্যে নাটকের দল থিয়েটার ফোক্স মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা টেল অব টু ফ্রেন্ডস। নাটকটি লিখেছেন বাংলাদেশের নাট্যকার মাসুম রেজা, আর নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী ও চুপকথা প্রিয়ভাষিণী।
জানা গেছে, ৩০ এপ্রিল অক্সফোর্ড শহরের পেগাসাস থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ১ মে একই স্থানে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে।
নাটকটির গল্প প্রসঙ্গে মোহাম্মদ আলী হায়দার ই-মেইলে জানান, আমির ও সালমান দুই বন্ধু। ক্রিকেটপ্রেমী। তারা ক্রিকেটের ওপর বিশেষ প্রশিক্ষণের জন্য ভারতের একটি বৃত্তি পায়। আমিরের পরিবার তাকে উৎসাহ দিলেও সালমানের পরিবারের ছেলের ক্রিকেটপ্রীতির ব্যাপারে যথেষ্ট আপত্তি রয়েছে। তারা সালমানকে ভারতে যাওয়ার অনুমতি দেয় না। হতাশা থেকে সালমান যোগ দেয় আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে। সালমান কি আর স্বাভাবিক জীবনে ফরে আসতে পারবে?
মোহাম্মদ আলী হায়দার আরও জানান, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নাটকটি বছরব্যাপী মঞ্চস্থ হবে। নাটকটি তৈরির ব্যাপারে সহযোগিতা করেছে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যাসোসিয়েশন এবং আর্থিক সহযোগিতা করেছে টেম্সভ্যালি পুলিশ ও অক্সফোর্ড সিটি কাউন্সিল।
এই নাটকে অভিনয় করছেন উমা প্রধান, আন্দ্রেয়া ক্যানালেস, সামিনা লুৎফা, সেলিনা শেলী, মোহাম্মদ আলী হায়দার, হালিমা আনজুম নায়োমী খান, কামরুজ্জামান, উজাল ভবা, জেসি রোদোশী প্রমুখ। নাটকের সার্বিক তত্ত্বাবধানে আছেন সেলিনা শেলী।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






